বিএননিউজঃ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহকারী একমাত্র কেন্দ্রটির একটি বড় জেনারেটরের জরুরি ওভারহোলিং বা রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত সম্ভাব্য লোডশেডিংয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ, হাতিয়ার নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতিয়া দ্বীপ অঞ্চলে জাতীয় গ্রিডের কোনো সংযোগ বা বিকল্প বিদ্যুৎ উৎপাদনের উৎস না থাকায় এখানকার প্রায় ৩৯ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বেসরকারি আইপিপি প্রতিষ্ঠান ‘দেশ এনার্জি হাতিয়া পাওয়ার কোম্পানি লিমিটেড’-এর এইচএফও-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওপর নির্ভরশীল। বর্তমানে এই কেন্দ্রের জেনারেটর নম্বর-১ এর যান্ত্রিক অবস্থা বিবেচনায় জরুরি ভিত্তিতে ‘টপ ওভারহোলিং’ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ হতে আনুমানিক ১৫ দিনব্যাপী এই জেনারেটরের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে। কাজ চলাকালীন সময়ে কেন্দ্রের সরবরাহযোগ্য উৎপাদন ক্ষমতা সাময়িকভাবে হ্রাস পেয়ে প্রায় ৫.২৫ মেগাওয়াটে নেমে আসবে, অথচ এই সময়ে দ্বীপটিতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকে প্রায় ৯.০০ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রেখে সরবরাহ সচল রাখতে আগামী ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দ্বীপটির বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং হতে পারে।

বিদ্যুতের এই সাময়িক সংকটকালীন সময়ে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সম্মানিত গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। অপ্রয়োজনীয় বৈদ্যুতিক লাইট, ফ্যান, এসি ও অন্যান্য সরঞ্জাম বন্ধ রেখে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার জন্য এবং জেনারেটরের কাজ সফলভাবে শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং গ্রাহকদের ধৈর্য, সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।










