নিজস্ব প্রতিবেদক:আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন এমন সকল মানুষকে ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
শুক্রবার হাতিয়া উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, জনগণকে নিয়ে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে ১০ দলীয় জোট। দ্বীপ উপজেলা হাতিয়ায় একসময় সন্ত্রাসের জনপদ নামে পরিচিত ছিল। ফ্যাসিস্টরা এখানে মানুষজনকে জিম্মি করে সন্ত্রাসের জনপদ গড়ে তুলেছিল।
তিনি বলেন, এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন- এমন সব মানুষকে ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানাই। এছাড়া কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না- এমন আওয়ামী লীগ কর্মীরাও আসতে পারেন।
পথসভায় আব্দুল হান্নান মাসুদ প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসীদের আর্থিক সহযোগিতার কারণেই নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে প্রচার-প্রচারণা চালানো সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচিত হলে হাতিয়ায় প্রবাসীদের জন্য ফ্রি যাতায়াত ব্যবস্থা চালু করা হবে, ইনশাআল্লাহ।
পথসভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহান উদ্দিন, জামায়াতের প্রার্থী হওয়া অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক, এনসিপির হাতিয়া উপজেলা আহ্বায়ক শামছল তিব্রিজসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।










