বিএনডেক্সঃনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা কৃষি অফিসে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার ও দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখা।
বৃহস্পতিবার স্থানীয় আম্বিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ফয়জুল বারী তারীফ।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কৃষি প্রণোদনার আওতায় খেসারি বীজ বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে এবং বঞ্চিত প্রকৃত কৃষকদের তালিকা জমা দিতে জামায়াতের তমরদ্দি ৮নং ওয়ার্ড সভাপতি উপজেলা কৃষি কার্যালয়ে যান। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা নুসরাত জাহান কলি ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে জামায়াতের আটজন নেতাকর্মী এবং তাঁদের রক্ষা করতে গিয়ে জুলাই যোদ্ধা আতিকুল ইসলাম লিটন আহত হন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত দুই কর্মকর্তার ভূমিকা যাচাই উপজলো যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ সহ হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি দপ্তরে সাধারণ মানুষের নিরাপদে সেবা গ্রহণের পরিবেশ নিশ্চিত করা।
এ সময় বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।










