বি,এন,নিউজঃনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৫১টি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১ হাজার ৭৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার উপজেলার হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ওছখালী কেএস এস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১ হাজার ১শত ৭০ জন এবং মাদ্রাসার ৫ শত ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদার হোসেন, প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম, হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম মো.হাসান, সাধারণ সম্পাদক আবু সোলাইমান এবং হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রকৌশলী দিদারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রত্যন্ত দ্বীপাঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরি করা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।










