বিএন নিউজঃ নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ রুবেল নামে এক ছাত্রদলের কর্মীকে আটক করার ঘটনাকে সাজানো নাটক দাবি করে কোস্টগাডের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল ও সহযোগি সংগঠন।
বৃহস্পতিবা বিকেলে উপজেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আটককৃত মো. রুবেল চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহিম মাঝির ছেলে। রুবেল পড়ালেখার পাশাপাশি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তার কোনো পদ-পদবি নেই।
জানা যায়, গত মঙ্গলবার রাতে কোস্টগার্ডের একটি দল রুবেলকে তার বাড়ি থেকে আটক করে। পরদিন একটি আগ্নেয়াস্ত্রসহ তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়। কোস্টগার্ডের দাবি, অস্ত্র বিক্রির সময় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব ফাহিম উদ্দিন, অ্যাডভোকেট নুর হোসেন সুমন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, কোস্টগার্ড টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে রুবেলকে ফাঁসিয়েছে। তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে রুবেলকে মুক্তি না দেওয়া হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে কোস্টগার্ড ও পুলিশের বক্তব্যর জন্র যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।











