বিএন নিউজ।।নোয়াখালী -৬ হাতিয়া আসনে শাপলা কলি মার্কার এনসিপির প্রার্থী (১০ দলীয় জোট সমর্থিত) আব্দুল হান্নান মাসুদ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান বিষয়ক বক্তব্যের তীব্র নিন্দা করেছেন হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার দুপুরে উপজেলা বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা বলেন,বিএনপির পদবী বিহীন ৭০/৮০ জন আওয়ামী লীগের লোক কে যোগদান দেখিয়ে আব্দুল হান্নান মাসুদ বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান বলে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তাছাড়া আব্দুল হান্নান মাসুদ বলেছেন, যারা শাপলা কলি মার্কায় ভোট দিবে না, তাঁরা চাঁদাবাজ। এহেন বক্তব্য শিষ্টাচার বহির্ভূত ও স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ অপরদিকে আব্দুল হান্নান মাসুদ বলেছেন, শতকরা ৯০ ভাগ মানুষ তার শাপলা কলি মার্কায় ভোট দিবেন। এতে প্রতিয়মান হয় তিনি শেখ হাসিনার স্বৈরাচারী স্টাইলে ভোট করতে চাচ্ছেন। আমরা হাতিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাঁর মিথ্যাচার ও স্বৈরাচারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি
এ সময় উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাছুদুর রহমান বাবর, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান ও সদস্য সচিব সুমন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব আব্দুল হালিম, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম ও সদস্য সচিব ফরহাদ মাহমুদ, দ্বীপ সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রব।
উল্লেখ্য নোয়াখালী-৬ হাতিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধান শীষ প্রতীকে ভোট করছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমান শামীম।










