বিএন নিউজঃ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেছেন, একটি গুপ্ত সংগঠন পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
রোববার (১মার্চ) সন্ধ্যায় হাতিয়ায় ওছখালী কেএসএস সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনকালীন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেসব ওয়াদা করেছেন, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে হাতিয়ার মূল সমস্যা নদী ভাঙন রোধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া জাহাজমারা ইউনিয়নকে উপজেলায় রূপান্তরের ব্যাপারে আমি কার্যকর ভূমিকা নেব। খুব অল্প সময়ের মধ্যেই কৃষি ও ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করা হবে।
যারা অপপ্রচার করে বলেছিল ভোট শেষ হলে আমি হাতিয়ায় আর আসব না, তাদের সেই অপপ্রচার আমি মিথ্যা প্রমাণ করে দেব। মৃত্যু পর্যন্ত আমি হাতিয়ার মানুষের পাশেই থাকব।
তিনি আরো বলেন,তারা সবসময় অপরাধ করে বিএনপির ওপর দায় চাপায়। সম্প্রতি চানন্দী ইউনিয়নে ধর্ষণের মিথ্যা নাটক সাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা। আমরা সবাই মিলেমিশে বসবাস করব।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্যাহ শাদাতের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য একেএম ফজলুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর আলম জসিম, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন প্রমুখ ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










