বি,এন,নিউজঃনোয়াখালীর হাতিয়ায় “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মৎস্য পক্ষ-২৬ উদযাপন কমিটি, হাতিয়া-নোয়াখালী-এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল ইকবালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭৩ নোয়াখালী-৬ হাতিয়া আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন, বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়া স্টেশন কমান্ডার আকতার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফয়জুর রহমান,অতিরিক্ত কৃষি কমকর্তা সুবাস পাল সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত জেলে ও মৎস্যজীবীরা।
সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, হাতিয়া একটি নদী ও সাগরবেষ্টিত উপজেলা। এখানকার জেলে ও মৎস্যজীবীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা সরকারি আইন ও বিধিনিষেধ মেনে মাছ আহরণ করলে মৎস্যসম্পদ উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল ইকবাল বলেন, “মৎস্যসম্পদ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি জেলেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা সম্ভব। এ জন্য জেলে ও মৎস্যজীবীদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরে মৎস্য খাতে উপজেলায় অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।










